গাজীপুর জেলা কারাগারে কয়েদিদের সাথে কারারক্ষীদের সংঘাতের ঘটনায় তিন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত জেলা কারাগারের আশপাশের মানুষ ব্যাপক গোলাগুলির শব্দ পায়।
এ ব্যাপারে কারাগার হাসপাতালের চিকিৎসক মাকসুদা জানান, সরকার পতনের খবর পেয়ে সকাল থেকে বন্দীরা তাদের মুক্তির জন্য বিক্ষোভ করতে থাকে।
একপর্যায়ে তারা জেল গেটে জড়ো হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কারারক্ষীরা তাদের নিবৃত্ত করতে রাবার বুলেট ছোড়ে।
এতে ঘটনাস্থলে ১৩ জন বন্দী আহত হন। এছাড়া বন্দীদের সাথে সংঘাতে তিন কারারক্ষীও আহত হন।
চিকিৎসক মাকসুদা জানান, ‘বন্দীরা বিদ্রোহ শুরু করলে তাদের দিকে রাবার বুলেট ছোড়া হয়। তারা অজ্ঞান হয়ে যায়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সবার জ্ঞান ফিরেছে। তাদের পুরো শরীরে রাবার বুলেটের আঘাত ছিল। কারো চোখে, কারো মাথায়, কারো পায়ে আঘাত। অনেকের ক্ষতস্থান সেলাই করা লেগেছে।’
আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কাছেই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কারাগারের নিরাপত্তা জোরদারে মূল ফটক ও এর আশপাশে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গাজীপুর জেলা কারাগারের বেশিভাগ মাদক ও হত্যা মামলার আসামি বলে জানা গেছে। সূত্র : বিবিসি
চস/স


