spot_img

২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিয়ানমারে ৩ ট্রাক ইউরিয়া সার পাচারকালে সীতাকুণ্ডে আটক ২

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় রাত ১ টায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এসময় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক হতে কার্গো বোটে স্থানান্তরকালে প্রায় ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ৩ টি ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চস/স

পাওনা টাকা আদায়ে ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে ব্যবসায় লেনদেন করা পাওনা টাকা আদায়ের জন্য এক ব্যবসায়ীকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এক অপহরণকারী চক্রের মূল হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩৬) উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নগরের দামপাড়া পুলিশ লাইনসে্ এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার পক্ষিয়া ইউনুস মোক্তার বাড়ির মৃত মোস্তফার ছেলে মো. শান্ত মিয়া (৩২), আনোয়ারা উপজেলার ভিংরোল মাস্টার আশরাফ আলীর বাড়ির মৃত আহমদ হোসেনের ছেলে মো. আবুল হাশেম (৫২), আকবরশাহ থানার লতিফপুর রেলবিট এলাকার মৃত সোলেমানের ছেলে মো. আকরাম (৩৪), মীরসরাই উপজেলার গড়িয়াহাস এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. মঈন উদ্দিন রায়হান (২৯), সীতাকুণ্ডের কেদারখীল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকার মুসলিম আলীর ছেলে মাহবুব রহমান (২৬), ফেনীর সোনাগাজী উপজেলার চবরপুর এলাকার সুজল হকের ছেলে মানিক হোসেন (৩০) এবং জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. ফারুক (৩৪)।

পুলিশে জানায়, আবুল হাশেম ও আকরাম ভুক্তভোগী হেলাল উদ্দিনের ব্যবসায়িক অংশীদার ছিলেন। পাওনা টাকা উদ্ধারের উদ্দেশ্যে তারা শান্ত মিয়াকে এক লাখ টাকায় ভাড়া করে অন্যদের সহযোগিতায় হেলালকে অপহরণ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

আরো জানা যায়, আকরাম আবুল হাশেমের মেয়ের জামাই।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বুধবার নগরের আকবরশাহ, পাঁচলাইশ ও মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

হেলাল উদ্দিন নগরের পাঁচলাইশের শুলকবহর রওশন বোর্ডিংয়ের পাশে গাড়ির গ্যারেজ পরিচালনা করেন। তার ব্যবসায়িক অংশীদার আবুল হাশেম, বিভিন্ন সময়ে ব্যবসায় ৯ লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করেন। এর মধ্যে হেলাল ৪ লাখ ৬১ হাজার টাকা পরিশোধ করলেও আরও ৪ লাখ ৬৯ হাজার টাকা পাওনা ছিল। এ টাকা আদায় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এর জেরে গত ৭ সেপ্টেম্বর বিকেলে আবুল হাশেমসহ কয়েকজন হেলালকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরদিন অপহরণকারীরা হেলালের মোবাইল থেকে তার স্ত্রী জেসমিন আক্তারকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে হেলালকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযান চালিয়ে প্রথমে শান্ত মিয়া, আবুল হাশেম ও আকরামকে গ্রেপ্তার করা হয়। আকরামের হেফাজত থেকে হেলালের মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জের মহামায়া লেকে বন বিভাগের পরিত্যক্ত কটেজ থেকে হেলালকে উদ্ধার করা হয়। সেখান থেকে মঈন উদ্দিন রায়হান, আমজাদ হোসেন, মাহবুব রহমান, মানিক হোসেন ও ফারুককে গ্রেপ্তার করা হয়। আবুল হাশেম ও আকরাম পাওনা টাকা উদ্ধারের জন্য শান্ত মিয়াকে এক লাখ টাকা দিয়ে অন্যদের ভাড়া করে হেলালকে অপহরণ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

চস/স

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, “এনবিআরের যে দাবিটি আমরা হাই কোর্ট বিভাগে চ্যালেঞ্জ করেছিলাম, আদালত আজ সেই রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবিটিই বহাল থাকল।”

রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে তিনি বলেন, “আমরা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার চিন্তাভাবনা করছি। মক্কেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

কবে নাগাদ ওই অর্থ পরিশোধ করতে হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে বলে তথ্য দেন তিনি।

এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাই কোর্টে রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ।

চস/স

‘‌‌‌জালিয়াতি’র অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

ডব্লিউএইচও ও বাংলাদেশের কর্তৃপক্ষের চল তদন্তের মধ্যে বুধবার (৮ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

তার বিরুদ্ধে মূলত চীন ভ্রমণে আর্থিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির গুরুতর অভিযোগ রয়েছে, যা বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাধীনভাবে তদন্ত করছে।

তবে সায়মা ওয়াজেদ তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।

২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ভোটে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন সায়মা ওয়াজেদ। পরবর্তী সময়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে পাঁচ বছর মেয়াদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। একই ধারাবাহিকতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করলে ২০২৫ সালের জুলাইয়ে তাকে প্রথম অবৈতনিক ছুটিতে পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর পর থেকে পদত্যাগের আগপর্যন্ত তিনি অবৈতনিক ছুটিতেই ছিলেন।

তথ্য অনুযায়ী, ডব্লিউএইচও তার বিরুদ্ধে চীন সফরকে কেন্দ্র করে আর্থিক প্রতারণা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য প্রদান এবং বাংলাদেশে অবৈধভাবে একটি জমির প্লট অধিগ্রহণের অভিযোগ এনেছে। গত ৩ জুলাই তার আইনজীবীদের পাঠানো এক চিঠিতে সায়মা ওয়াজেদ এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, জমির প্লটটি তিনি ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় অধিগ্রহণ করেছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ লিখেছেন, ‘আমি আমার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলাম, যা আমি আন্তরিকতার সঙ্গে করে এসেছি।’

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ আরও লিখেছেন, ‘যেহেতু আপনি দায়িত্ব কার্যকরভাবে পালন করতে আমাকে বাধা দিয়ে চলেছেন, তাই ডব্লিউএইচতে আপনার নেতৃত্বের ওপর আমার সব আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। এ ছাড়া আপনার বেতন ছাড়া ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পর প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় আমার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে ডব্লিউএইচও তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে আছেন। তবে গোপনীয়তা বজায় রাখার স্বার্থে তার বিষয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল সংস্থাটি।

জুলাইয়ে ডব্লিউএইচওকে দেওয়া এক চিঠিতে সায়মা ওয়াজেদ ভ্রমণসংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

সায়মা ওয়াজেদের আইনজীবীদের মাধ্যমে দেওয়া ওই চিঠিতে বলা হয়, নিয়মিত ভ্রমণ খরচ ফেরত পাওয়ার আবেদনপ্রক্রিয়া করতে গিয়ে একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি ঘটেছে। অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের বিষয়ে সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এই যোগ্যতার বিষয়টি তিনি ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুসকে জানিয়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালকরা বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় নীতিনির্ধারক হিসেবে ভূমিকা পালন করেন। মহামারি বা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং স্থানীয় প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে ডব্লিউএইচওর সার্বিক নীতি ও কৌশল বাস্তবায়ন করা তাদের প্রধান দায়িত্ব। বাংলাদেশ ও ভারতসহ এই অঞ্চলের সদস্যদেশগুলো প্রতি পাঁচ বছর অন্তর ভোটের মাধ্যমে তাদের আঞ্চলিক পরিচালক নির্বাচন করে।

চস/স

মায়ের মৃত্যু, প্যারোলে মুক্তি চিন্ময় দাসের

ক্যানসারে মারা গেছেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রাণী ধর। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার ভাই অঞ্জন কুমার ধর এ তথ্য নিশ্চিত করেছেন।

চিন্ময় কৃষ্ণ দাসকে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দিতে গতকাল প্যারোলে মুক্তির আবেদন করেছিল পরিবার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার অঞ্জন কুমার ধরের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তির আবেদন অনুমোদন করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, ‘তার ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছি।’

এর আগে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান সন্ধ্যা রাণী ধর। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যানসার শনাক্ত হয়।

চস/স

ইরানের হামলায় জর্ডানে ৯টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জর্ডানের আল আজরাকে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইরান, তাতে অন্তত ৯টি মার্কিন যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আল আজরাকের মুয়াফ্ফাক সালতি বিমান ঘাঁটির একটি এ-১০ থান্ডারবোল্ট নজরদারি বিমানের একটি ডানা উড়ে গেছে এবং ৮টি এফ-১৫ যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতি হয়েছে।

পৃথক এক এক্সবার্তায় সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস বলেছেন, “হরমুজে মার্কিন বাহিনীর যুদ্ধজাহাজে ইরানি হামলার পাল্টা জবাব দিতে ৮ সেপ্টেম্বর রাতে মার্কিন বিমান বাহিনী ইরানের ৫টি ট্যাংকার জাহাজ অকেজো করে দেয়। তার কয়েক ঘণ্টার মধ্যে জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড ফোর্স (আইআরজিসি)। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত হানার আগেই ধ্বংস করার জন্য আল আজরাকের বিমান ঘাঁটির সেনারা ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।”

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে জর্ডানের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছিল, ইরান থেকে মোট ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং জর্ডানের প্রতিরক্ষা বাহিনী এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেগুলোর মধ্যে ১৮টিকে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে।

“যে দু’টিকে আটকানো সম্ভব হয়নি, সেগুলো পতিত হয়েছে এমন জায়গায়— যেখানে লোকজন বসবাস করে না। ফলে সেগুলোর আঘাতে জনজীবন কিংবা কোনো অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়নি”, বলা হয়েছিল জর্ডানের প্ররিতক্ষা বাহিনীর বিবৃতিতে।

চস/স

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। একইসঙ্গে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। এছাড়া বিভিন্ন বিষয়ে ফল পরিবর্তন হয়েছে আরও শিক্ষার্থীর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে। নির্ধারিত ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd থেকেও ফল জানা যাচ্ছে।

এর আগে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়েছিল। সে হিসাবে মূল ফল প্রকাশের ৩১ দিন পর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হলো। আর পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হয়েছিল ১৭ আগস্ট রাতে। আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর আজ ফল প্রকাশ করা হয়েছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। এ কারণে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

সব মিলিয়ে, লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়। অর্থাৎ, মোট আবেদন জমা পড়ে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এর আগে জানিয়েছিলেন, এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মতো আবেদন করা উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়ন করা হয়েছে।

আগের নিয়মে পুনঃনিরীক্ষণের সময় মূলত উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কিনা, তা যাচাই করা হতো। নতুন করে পুরো উত্তরপত্র মূল্যায়ন করা হতো না। তবে এবার আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

এদিকে, বোর্ডভিত্তিক হিসাবে এবার সবচেয়ে বেশি পুনঃনিরীক্ষণের আবেদন পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

এছাড়া, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে কম পাসের হার। মূল ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। রেকর্ডসংখ্যক আবেদনের পর আজ সেই ফল প্রকাশ করা হলো।

চস/স

মীরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে রপ্তানি শুরু

মীরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে ইতিহাস গড়ল ‘লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড’। গত ৩ সেপ্টেম্বর বেপজা থেকে অনুমতি পাওয়ার পর ৮ সেপ্টেম্বর সফলভাবে প্রথম চালানটি ইন্দোনেশিয়ায় পাঠায় শতভাগ রপ্তানিমুখী এই কারখানাটি।

সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের যৌথ মালিকানাধীন লিজ টোব্যাকো মেশিনারি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি বেপজার সঙ্গে জমি ইজারা চুক্তি সই করে। ৩.৭২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে প্রতিষ্ঠিত এই কারখানায় বর্তমানে ২৯ জন শ্রমিক ও কর্মকর্তা কাজ করছেন।

মীরসরাইয়ের ১,১৩৮.৫৫ একর জমিতে গড়ে ওঠা পুরো অঞ্চলকে প্রশাসনিক সুবিধার জন্য দুটি জোনে ভাগ করা হয়। অর্থনৈতিক অঞ্চল-২-এ বরাদ্দ পাওয়া ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে লিজ টোব্যাকোই প্রথম বাণিজ্যিক উৎপাদনে গেল। খুব শিগগিরই আরও ৩টি প্রতিষ্ঠান বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে এবং বাকি ১৪টির নির্মাণকাজ দ্রুত গতিতে চলছে।

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান জানান, ইন্দোনেশিয়ার মতো তুলনামূলক অপ্রচলিত বাজারে এই মেশিনারি রপ্তানি বাংলাদেশের রপ্তানি গন্তব্য বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেপজার আশা, নতুন এই জোনের হাত ধরে দ্রুতই বাড়বে কর্মসংস্থান ও জাতীয় রপ্তানি আয়।

চস/স

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ ব্যবহার না করতে নির্দেশ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ কথা জানানো হয়।

বুধবার থেকেই এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় কাজ ও দাপ্তরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে আর ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ লেখা যাবে না।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন সব দপ্তরকে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

চস/স

হাটহাজারীতে অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত: আইএসপিআর

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত ও এক কর্মকর্তা আহত হয়েছেন।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ খবর নিশ্চিত করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং এক কর্মকর্তা গুরুতরভাবে আহত হন। ইতিহাসেরবই পড়ুন

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

চস/স