কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে খুলনা রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানিয়েছেন।
মৃত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।
পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান, শনিবার ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সুপার জানান, সম্রাট বিশ্বাস একজন ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু জানাননি।
মাঈনুল হাসান আরও জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনরা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
চস/স


