বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আজ থেকে পৌরসভার পরিবর্তে নতুন পরিচয় পেল বগুড়াবাসী।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি ফলক উন্মোচন করেন। পরে তিনি ওই প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর তিনি উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন স্তরের জনগণদের উদ্দেশ্যে বক্তব্য দেন৷
প্রধানমন্ত্রী বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি সিটি করপোরেশন হবে৷ সিটি করপোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে সে কাজ গুলো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত করার চেষ্টা করেছিলাম আমরা। এখনও কিছু কাজ বাকি আছে। আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। আজ বগুড়াবাসীর খুশীর দিন। এই শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে৷ নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
এর আগে তিনি আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচনসহ সকাল সোয়া ১১টায় জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনের সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।
চস/স


