যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে ‘হয়তো আজই’ একটি বড় চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন কোনো ‘খারাপ’ বা দুর্বল চুক্তি করবে না। হয় একটি ভালো চুক্তি হবে, অন্যথায় বিকল্প উপায়ে ইরানের বিষয়টি মোকাবিলা করা হবে।
সোমবার (২৫ মে) ঐতিহাসিক তাজমহল পরিদর্শনের জন্য ভারতের আগ্রা শহরে যাওয়ার পথে রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনার টেবিলে একটি শক্তিশালী প্রস্তাব রয়েছে। এর মূল লক্ষ্য হলো কৌশলগত হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সুনির্দিষ্ট আলোচনা শুরু করা।
ওয়াশিংটন কূটনীতিকে সফল করার শেষ সুযোগ দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো তাড়াহুড়ো করছেন না এবং তিনি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো খারাপ সমঝোতা মেনে নেবেন না।’
এদিকে, দুই দেশের মধ্যে চুক্তি কাছাকাছি পৌঁছানোর খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৬ শতাংশ কমে গেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক চুক্তি হলে চূড়ান্ত সমঝোতার জন্য দুই পক্ষকে ৬০ দিন সময় দেওয়া হতে পারে। তবে এখনো ইরানের অবরুদ্ধ তহবিল মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের মতো কিছু জটিল বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
চস/স


