চট্টগ্রামের ব্যস্ততম জিইসি মোড়ের আল-হেলাল হোটেল এণ্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
রবিবার (৩০ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা’র নেতৃত্বে এই তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘরে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশের চরম রূপ দেখা যায়। পুরো রান্নাঘরজুড়ে ছিল তেলাপোকার অবাধ বিচরণ, আর স্টোর রুমে দেখা মেলে বিড়ালের। এছাড়া খোলা ডাস্টবিন রাখা, ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একসাথে সংরক্ষণ, স্যাঁতসেঁতে ও ভাঙা ফ্লোর, মেয়াদোত্তীর্ণ ঘি ব্যবহার এবং একই পোড়া তেল বারবার ব্যবহার করে খাবার তৈরির মতো একাধিক নোংরা অসঙ্গতি ধরা পড়ে।
আইন লঙ্ঘনের এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর ৩৩ ধারা অনুযায়ী তিন লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিদর্শক এবং সিএমপির একটি দল এই অভিযানে সহায়তায় ছিল। জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
চস/স


