রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে নভেম্বরের শেষ নাগাদ বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রত্যাশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। রবিবার রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাশিয়া সফরকালে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই আশার কথা জানান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ। তিনি জানান, উৎপাদন শুরুর এই অগ্রগতি প্রকল্পটির ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়েও আগ্রহ তৈরি করেছে। এ বিষয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার ও জনগণ।
চলতি বছরের ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়েছিল, যা ছিল চালুকরণের একটি বড় ধাপ। ২০১১ সালের চুক্তির আওতায় নির্মিত এই মেগা প্রকল্পে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। পাশাপাশি ছোট আকারের এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের রোসাটমের অন্যান্য প্রস্তাব নিয়েও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে।
সব ঠিকঠাক থাকলে দেশের বিদ্যুৎ খাতে এক নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। রূপপুরের দ্বিতীয় ইউনিটেও আগামী বছর চালুকরণ কার্যক্রম শুরু হবে বলে আশা করছে রুশ এই সংস্থাটি।
চস/স


