শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে পৈতৃক কবরস্থানে এটিএম রেজাউল হক রতনের দাফন সম্পন্ন হবে।
ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন শিক্ষামন্ত্রী।
চস/স


