সরকার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে আরও দুই বছর একই দায়িত্বে রাখছে। তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৬ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে তার নতুন মেয়াদ গণনা শুরু হবে।
আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আনোয়ারুলকে দুই বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ হবে।
১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আনোয়ারুল ১৯৮৩ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৯ সালের ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পান তিনি।
চাকরির মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের ৯ ডিসেম্বর এক বছরের চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব পদে আনোয়ারুলকে নিয়োগ দিয়েছিল সরকার।
খন্দকার আনোয়ারুল ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব এবং ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী নেওয়া আনোয়ারুল ডেভলপমেন্ট প্ল্যানিং এর উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন।
তার স্ত্রী কামরুন নাহার তথ্য সচিবের দায়িত্ব থেকে সম্প্রতি অবসরে গেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও বিশ্ব ব্যাংক, ইউএনএফপিএ, এডিবি, সিআইডিএ, ডিজিআইএস, ইউএনডিপি’র অর্থায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উপ-পরিচালক, উপ-প্রকল্প পরিচালক, প্রকল্প পরিচালক এবং জাতীয় প্রকল্প পরিচালক হিসেবে কাজ করেছেন আনোয়ারুল।
চস/আ


