চট্টগ্রামের ব্যস্ততম জিইসি মোড় ফ্লাইওভারের নিচে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ।
সোমবার (১৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
তিনি বলেন, রবিবার মধ্যরাতে খুলশীর জিইসি এলাকার সাদিয়া কিচেনের সামনে দিয়ে ওই গৃহবধূ রিকশায় ষোলশহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন যুবক রিকশা থামিয়ে ওই নারীকে জোরপূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে ৬ জন তাকে পালাক্রমে গণধর্ষণ করে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী নারীর চিৎকার শুনে রিকশাচালক জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর অনুরোধ করেন। সংবাদ পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন পালিয়ে গেছেন। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
চস/স


