spot_img

৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান চুরি, জড়িত ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় পুলিশের টহল ভ্যান চুরির ঘটনায় রুবেল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল। তবে চুরির কয়েক ঘণ্টার মধ্যে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের একটি বিশেষ দল।

গ্রেপ্তার রুবেল কুমিল্লার চান্দিনা থানার মোহনপুর গ্রামের হানিফ প্রধানের বাড়ির শামছুল আলমের ছেলে। তিনি নগরের ধনিয়ালাপাড়া আউলিয়া জামে মসজিদসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ টহল দলের সদস্যরা ছোটপুল পুলিশ লাইনসংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তারা গাড়িটি আর সেখানে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান মেলেনি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যান। পরে পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ে নগরের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি জোরদার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হালিশহর থানা এলাকায় চুরি যাওয়া গাড়িটি অক্ষত অবস্থায় কর্ণফুলী থানা এলাকার ফকিরনিরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের পর প্রধান আসামি হিসেবে রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, পুলিশের সমন্বিত তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলীর ফকিরনিরহাট এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss