অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইয়াম্বিলায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
এক নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ওই এলাকায় গিয়েছিল পুলিশ। তবে কী কারণে পুলিশের ওপর গুলি চালানো হয়েছিল তা পরিষ্কার নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি।
কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল জানান, দীর্ঘদিন ধরে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে চার পুলিশ কর্মকর্তা কুইন্সল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকায় অভিযানে যান। কনস্টেবল ম্যাথু আর্নল্ড (২৬) ও র্যাচেল ম্যাকক্রো (২৯) ওই বাড়ির কাছাকাছি যাওয়ার পরপরই তাদের গুলি করা হয়। আরেক পুলিশ কর্মকর্তা গুলির আঘাতে আহত হন এবং চতুর্থ জন ওই বাড়ি থেকে পালিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ। ৫৮ বছর বয়সী এক প্রতিবেশী ‘ঘটনা কী’ দেখতে এসে সন্দেহভাজনদের গুলিতে নিহত হন। তার নাম প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের গুলিতে তিন সন্দেহভাজনও নিহত হয়। এ ঘটনাকে ‘অকল্পনীয় শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করে তিনি জানান, অনেক বছরের মধ্যে একটি ঘটনায় তাদের বাহিনীর ‘সবচেয়ে বড়’ প্রাণহানি হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা ‘চোরাগোপ্তা হামলার’ শিকার হয়েছেন। কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, তাদের ‘ঠাণ্ডা মাথায়’ হত্যা করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এটিকে অস্ট্রেলিয়ার জন্য একটি হৃদয়বিদারক দিন বলে অভিহিত করেছেন।
চস/স


