ভারত থেকে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজের চালান সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। আজ সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) আমদানি করা পেঁয়াজের চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।
এরপর সকাল ৯টা থেকে এর খালাস কার্যক্রম শুরু হয়। এখান থেকে ট্রাকে করে পেঁয়াজগুলো ডিলারদের মাধ্যমে চলে যাবে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।
এ বিষয়ে শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সকাল ৬টায় দিকে পেঁয়াজ বোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখন খালাস কার্যক্রম চলছে।
টিসিবির যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালোভাবে এসে পৌঁছেছে। চলছে খালাস কার্যক্রম।
তিনি বলেন, এখান থেকে প্রথমে ১০০ মেট্রিক টন পেঁয়াজ ঢাকার ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।
তিনি আরও বলেন, জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে। তবে সম্পূর্ণ খালাস কার্যক্রম আজকের মধ্যে শেষ হওয়া কঠিন, হয়তো কালকেই লাগবে।
প্রসঙ্গত, মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ গতকাল বিকালে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর হয়ে দেশে আসে। পেঁয়াজের চালানটি রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টাস লিমিটেড। টিসিবি ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছে এটি তার প্রথম চালান।
চস/স


