চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি এলজি (লোকাল গান) ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে এক ব্যক্তির অবৈধ অস্ত্র নিয়ে অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় ওই ব্যক্তি সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি গাছের গুঁড়ির মাঝখানে ব্যাগটি পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ জব্দ করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চস/স


