বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছবেন এবং সেখানে রাত যাপন করবেন। এ তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
তিনি বলেন, ২৫ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় তিনি চট্টগ্রামের একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর সঙ্গে ইয়ুথ পলিসি টক-এ অংশ নেবেন। আলোচনায় শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও নারীর ক্ষমতায়নসহ বিএনপির নীতি নিয়ে মতবিনিময় করবেন।
মাহাদী আমিন বলেন, এরপর তারেক রহমান চট্টগ্রাম পলোগ্রাউন্ডে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। ফেনী ও কুমিল্লার বিভিন্ন কেন্দ্রে যাত্রাপথে আরও সমাবেশে অংশ নেবেন। দিনের শেষে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশ শেষ করে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।
আরও পড়ুন: সবাই ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব: তারেক রহমান
তিনি বলেন, একইদিন দুপুর ২টায় রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’-এ ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীরা তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্যে নির্বাচিত দশজন বিজয়ী এই আলাপচারিতায় অংশ নেবেন।
মাহাদী আমিন আরও বলেন, বিএনপি নির্বাচনের স্বচ্ছতা ও ভোটারদের সহায়তার জন্য ইলেকশন হটলাইন ১৬৫৪৩ ও হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু করেছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ের নাগরিকদের সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনি পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যেই এই হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন।


