চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) ‘ফারম্যাক স্টিল লিমিটেড’ কারখানায় ফার্নেসের ত্রুটিতে গলিত লোহা ছিটকে পড়ে চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর কারখানার চুল্লিতে কাজ করার সময় গলিত লোহা ছিটকে চারজন গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ অক্টোবর সকালে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান শ্রমিক শরিফুল ইসলাম (২৭) এবং একই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শ্রমিক মনির হোসেন (২৭)। সর্বশেষ ২ অক্টোবর সকালে ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩)।
দুর্ঘটনায় দগ্ধ অপর শ্রমিক জুয়েল (৩৬) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। নিহত শ্রমিক শরিফুলের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গায়; তিনি দুই সন্তানের জনক ছিলেন।
ঘটনার পর নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে জোরারগঞ্জ থানায় কারখানার চীনা ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে স্বজনদের বৈঠক হয়েছে। শরিফুলের পরিবার মামলা না করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। তবে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, পরিবার মামলা না করলেও পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো বয়লার দুর্ঘটনা নয়; ফার্নেসের কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে প্রক্রিয়া চলমান রয়েছে।
চস/স


