স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীনসহ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে এক যুবককে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিয়াদ বিন সেলিম (৪০) পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার মৃত মো. সেলিম উদ্দীনের বাসিন্দা।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ ছিল রিয়াদ বিন সেলিমের বিরুদ্ধে। গতকাল রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে তার ছবি সংবলিত একটি আইডি কার্ড উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল (“CSF Chairperson’s Security Force’’ ID No-013), একটি মেটাল ডিটেক্টর, একটি চার্জারসহ ওয়াকিটকি হ্যান্ডসেট, একটি কালো হাতল বিশিষ্ট সিগন্যাল লাইট, তার ছবি সংবলিত একটি মনিটরিং সেল কার্ড, একটি ওয়াকিটকি সদৃশ্য মোবাইল ফোন, একটি আইটেল বাটন মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেপ্তার রিয়াদ তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের শীর্ষ ব্যক্তিসহ মন্ত্রীদের সাথে তার ঘনিষ্টতার ছবি পোস্ট করে লোকজনকে বিভ্রান্ত ও প্রতারণা করতো। প্রাথমিকভাবে ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্য করতেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া কামরুল হাসান নামে এক গ্রেপ্তার আসামিকে জেলে থাকার সময় তাকে জামিন করিয়ে দেওয়ার নামে তার স্ত্রীর কাছ থেকে ২ লাখ ১৫ হাজার ৩’শ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। কার বিরুদ্ধে আসামির বিরুদ্ধে ধর্ষণ এবং মাদকের একাধিক মামলা রয়েছে।
তার মোবাইল ফোন ফোন বিশ্লেষণ করে দেখা যায়- বিভিন্ন সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স ইন্সপেক্টর কন্ট্রোল ও সার্ভার ইনচার্জ ইত্যাদি পদে চাকরি দেয়ার নামে একাধিক ব্যক্তির সাথে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য সরবরাহ করে অবৈধভাবে টাকা আত্মসাৎ করতেন বলেও তথ্য পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছে পুুলিশ।
চস/স


