spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে: অ্যাটর্নি জেনারেল

ঢাকা আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

আদালত রাষ্ট্রপক্ষের আবেদন আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৬ মাস সময় মঞ্জুর করেছেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, “মামলার তদন্ত কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে। তবে সূক্ষ্ম ও নিখুঁত তদন্ত সম্পন্ন করতে আরও কিছুটা সময় প্রয়োজন।” এর প্রেক্ষিতে আদালত নির্দেশ দেন যে, আগামী ৬ মাসের মধ্যে অবশ্যই তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে উচ্চ আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাস সময় দিয়েছিলেন। তখন আদালত কঠোরভাবে জানিয়ে দিয়েছিলেন যে, এটিই শেষ সুযোগ। তারও আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টের নির্দেশে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়। এই কমিটিতে পুলিশ, সিআইডি ও র‍্যাবের অভিজ্ঞ প্রতিনিধিদের রাখা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পার হলেও এখনো এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি। বারবার তদন্ত কর্মকর্তা ও সংস্থা পরিবর্তন হলেও প্রতিবেদন জমা না পড়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক সমাজ দ্রুততম সময়ে এই বিচার প্রক্রিয়ার সমাপ্তি প্রত্যাশা করছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss