spot_img

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে টাকা ফেরত ও হেয়ারকাট বাতিলের দাবিতে ব্যাংকে তালা

চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের জমানো টাকা ফেরত ও ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন গ্রাহকেরা।

রোববার (০৩ মে) বেলা ১১টার দিকে নগরের খাতুনগঞ্জ এলাকায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখায় এ বিক্ষোভ হয়।

এসময় একটি ব্যাংকের শাখাটিতে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

বিক্ষোভরত গ্রাহকদের দাবি, তাদের আমানতের ওপর মুনাফা কর্তন বা ‘হেয়ারকাট’ পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে। নির্দিষ্ট মেয়াদ শেষে কিংবা জরুরি প্রয়োজনে পুরো টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক লেনদেন দ্রুত চালু করার দাবি জানান তারা।

গ্রাহকেরা অভিযোগ করেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। নানা অজুহাতে ব্যাংকগুলো আমানত ফেরত দিচ্ছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন তারা। একীভূতকরণের পর ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় চরম অস্থিরতা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ চলাকালে শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলতে চাইলে তাকে না পেয়ে ক্ষোভ আরও বাড়ে। একপর্যায়ে তারা ব্যাংকে তালা ঝুলিয়ে দেন এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বিক্ষোভে অংশ নেওয়া একাধিক গ্রাহক বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। টাকা ফেরত না দিয়ে তাদের পথে বসিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর সমস্যার সমাধান হবে বলে আশা করলেও বাস্তবে কোনো অগ্রগতি নেই বলে জানান তারা।

প্রায় এক ঘণ্টা পর শাখা ব্যবস্থাপক ঘটনাস্থলে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত সমাধানের দাবি জানান এবং প্রয়োজনে চট্টগ্রামের সব ব্যাংকে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে ব্যাংকটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, হেয়ারকাট ছাড়া আমানত নবায়ন করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss