নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঘরবাড়ি, জীবিকা ও নিত্যপ্রয়োজনীয় সম্বল হারিয়ে মারাত্মক খাদ্য, নিরাপদ পানি ও আশ্রয়ের সংকটে দিন কাটাচ্ছেন দুর্গতরা।
এই মানবিক সংকটে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ (আশ ফাউন্ডেশন)। বাংলাদেশ, তুরস্ক, মরক্কো, গাজা ও আফগানিস্তানের পর এবার নেপালেও সহায়তার হাত বাড়াল সংস্থাটি।
গত ১১ সেপ্টেম্বর থেকে নেপালের নোয়াকুটের দেবীঘাট এলাকায় স্থানীয় নিবন্ধিত এনজিও ‘ASH Sanstha Nepal’-এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে মেহমানখানার কার্যক্রম। এই উদ্যাগে প্রতিদিন প্রায় ২০০ জন আশ্রয়হীন ও দুর্গত মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে।
পাশাপাশি পুরোপুরি গৃহহীন হয়ে পড়া ৫০টি পরিবারের মাঝে নতুন তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। মাথা গোঁজার ঠাঁইয়ের সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ ‘ভালোবাসার উপহার প্যাকেজ’। এই প্যাকেজে রয়েছে নতুন খাট, তোষক, কম্বল, বালিশ, বেডশিট, প্রেসার কুকার, রান্নার কড়াই, প্লেট-গ্লাস, ওয়াটার ডিসপেনসার ও প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার মূল কথা। দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে বিশ্বের যেকোনো প্রান্তে বিপদগ্রস্ত মানুষের জন্য এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে।
চস/স


