চট্টগ্রামের রাউজানে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন ও অস্ত্রসহ এক গুলিবিদ্ধ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
তিনি জানান, স্থানীয় জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বসের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারা। অভিযোগ পেয়ে গতকাল রাতে পুলিশ ডাকাত আলমের বাড়িতে অভিযানে যায়। পুলিশ ডাকাতা আলমের বাড়ির সামনে পৌঁছালে ভেতর থেকে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। ডাকাত আলম ও আজিজ বস ছাড়াও ঘটনাস্থলে দিলদার হোসেন (৩৭), মো. রুবেল (২৭), মো. মামুন-অর-রশিদ ওরফে মামুন (৩৫) এবং মো. বাঁচাসহ (৪৫) একাধিক সশস্ত্র সন্ত্রাসী। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে দিলদার হোসেন নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়। তবে অন্যরা পালিয়ে যায়। গোলাগুলিতে ১২ পুলিশ সদস্য আহত হন।
তিনি আরও জানান, অভিযানের একপর্যায়ে দিলদার হোসেন নামের একজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। পরে তার হেফাজত থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি, ছয় রাউন্ড সীসা কার্তুজ, চারটি রামদা, দুটি কটি ও দুটি গুলি রাখার প্রসেস উদ্ধার করা হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতেও কদলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তাদের কাছ থেকে একটি এলজি, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছিল।
চস/স


