কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেক এলাকার ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার সকালে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত সাতজন দগ্ধ হয়ে আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে উখিয়া স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বেলা ১১টার দিকে পুরোপুরি নেভায়। রিসোর্টটির ভেতরে তল্লাশি চালিয়ে প্রথমে ছয়টি এবং পরবর্তীতে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, অনুমোদনহীন ও অগ্নিনিরাপত্তা লাইসেন্সবিহীন এই রিসোর্টটিকে গত জুন মাসেই সতর্ক করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে এটি পরিচালিত হচ্ছিল।
ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চস/স


