কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ছয়জন পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সমুদ্রের পাশে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে রিসোর্টটিতে ১৭ থেকে ২০ জন পর্যটক অবস্থান করছিলেন। কেউ ঘুমিয়ে ছিলেন, কেউবা সকালে সমুদ্রে গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগলে মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে দরজা-জানালা ভেঙে, আবার কেউ দোতলা থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ পর্যন্ত আটজনকে জীবিত উদ্ধার করা হলেও আগুনে কাঠের তৈরি পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা এসি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে বর্তমানে যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
চস/স


