রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে হাতিরঝিল থানাধীন বিশাল সেন্টার মার্কেটের সামনের ফুটপাতে পার্কিংয়ে থাকা অবস্থায় এ হামলা চালানো হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে ফুটপাতে পার্কিং করা আসিফ আকবরের ‘ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭’ নম্বরের গাড়িটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আসিফ আকবর ও তার বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সময় আসিফ আকবর মার্কেটটির তৃতীয় তলায় নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলার পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত শত্রুতা রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
চস/স


