spot_img

১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনজুরে মওলা

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক মনজুরে মওলা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মনজুরে মওলার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাংলা একাডেমির উপ-পরিচালক সরকার আমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মনজুরে মওলা বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। ডিসেম্বর মাসের শুরুর দিকে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছিল। পরে চলতি সপ্তাহে ফের নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।

মনজুরে মওলার মেয়ে রওশন তামান্নার বরাত দিয়ে তার পরিবারের নিকটজন মোস্তাফিজুর রহমান পারভেজ দেশ রূপান্তরকে বলেন, ‘দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন।’

মনজুরে মওলা ১৯৮৩ সালে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন। পেশাজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

বাংলা একাডেমির তিন বছরের কার্যকালে ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে সে সময়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা যা বিশ্বের দীর্ঘ সময়ব্যাপী চলা বই উৎসব।

ঐতিহাসিক বর্ধমান ভবন সংস্কার, প্রথম জাতীয় ফোকলোর কর্মশালার আয়োজন, আরজ আলী মাতুব্বর বা খোদা বক্স সাইয়ের মতো লোকমনীষাকে ফেলোশিপ প্রদান, বাংলা সাহিত্যের ইতিহাস, ডেভিডসনের চিকিৎসাবিজ্ঞান কিংবা আনিসুজ্জামানের পুরোনো বাংলা গদ্যের মতো বই প্রকাশের উদ্যোগী হয়েছিলেন মনজুরে মওলা। বাংলা একাডেমির তার অসামান্য কীর্তি ‘ভাষা শহীদ গ্রন্থমালার’ ১০১টি বই।

 

চস/এএম

Latest Posts

spot_imgspot_img

Don't Miss