spot_img

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আল্পনা উৎসবে রঙিন চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ডিসি হিল

পহেলা বৈশাখকে সামনে রেখে বর্ণিল আল্পনায় সেজেছে বন্দরনগরী চট্টগ্রাম। জেলা প্রশাসনের উদ্যোগে নগরের সার্কিট হাউস থেকে শুরু করে লাভলেইন ও কাজীর দেউড়ি হয়ে ঐতিহ্যবাহী ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে করা হয়েছে এই বিশাল আল্পনা অঙ্কন।

গতকাল রবিবার (১২ এপ্রিল) রাত ১১টায় এই ব্যতিক্রমী আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির দুই শতাধিক শিক্ষার্থী ও শিল্পী এই মহাযজ্ঞে অংশ নেন। তুলির আঁচড়ে তারা সড়কের বুকে ফুটিয়ে তুলেছেন বাঙালির চিরচেনা লতাপাতা, ফুল, পাখি ও লোকজ মোটিফ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, “রঙে রঙে সড়ক রাঙানোর মধ্য দিয়ে আমরা মূলত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও জীবনকে রাঙিয়ে তুলতে চাই। এই আল্পনা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে একতাবদ্ধভাবে বসবাস করি।”

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পদস্থ কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন। বিশেষ আকর্ষণ হিসেবে এতে অংশ নেন জেলা প্রশাসকের কন্যা, যে একজন আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত খুদে শিল্পী।

নিরাপত্তার বিষয়ে পুলিশ জানায়, পহেলা বৈশাখ ঘিরে পুরো চট্টগ্রামে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডিবি, সিটিএসবি ও কাউন্টার টেরোরিজম ইউনিটসহ পুলিশের একাধিক বিভাগ সমন্বিতভাবে মাঠে থাকবে, যাতে উৎসবমুখর পরিবেশে নগরবাসী নতুন বছরকে বরণ করে নিতে পারেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss