spot_img

২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আগুন ও ককটেল বিস্ফোরণ, ৩ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাত থেকে নগরের খুলশী ও সিটি গেট এবং হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে।

এসব ঘটনায় পেট্রোল বোমাসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে গেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের পর নিরাপত্তাকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কিছু নথিপত্র পুড়ে গেছে।

অন্যদিকে, হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ধাওয়া করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে। তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বাস ভাঙচুরের সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর কথা জানিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, নগরের আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। দুর্বৃত্তরা অটোরিকশায় এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss