কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফলের এ তথ্য শনিবার (২১ নভেম্বর) বিকেলে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন, পূর্ববর্তী মামলায় ১১৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২২ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ৯৪ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় ৬৭ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মোট ১০৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ২২ জন, নোয়াখালীতে ২৩ জন, চট্টগ্রামে ১০ জন, লক্ষ্মীপুরে সাতজন, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়জন, কক্সবাজার ও চাঁদপুরে পাঁচজন করে, খাগড়াছড়িতে পাঁচজন, রাঙামাটিতে একজন এবং ফেনীতে দুজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৩২০ জনকে। তাদের মধ্যে ১৪৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়- ১৬৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩৮, লক্ষ্মীপুরে ৪১, কক্সবাজারে ১৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, নোয়াখালীতে নয়, চাঁদপুরে সাত, ফেনীতে পাঁচ, রাঙামাটিতে চার, খাগড়াছড়িতে ১১ এবং বান্দরবানে সাতজনকে আটক করা হয়েছে।
চস/স


