spot_img

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ পাচারকারী

সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের এক বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। একই সাথে আটক করা হয়েছে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের ৯ সদস্যকে।

আজ শনিবার (০৬ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, সমুদ্রপথে মানবপাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে একটি গোপন তথ্য আসে কোস্ট গার্ডের কাছে। জানা যায়, টেকনাফের সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে বিপুল সংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (০৫ জুন) সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত গভীর সমুদ্রে এক যৌথ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথভাবে এই বিশেষ অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে বাহারছড়া সংলগ্ন সমুদ্রে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। কিন্তু বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন। এরপর বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচারে জড়িত ৯ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানিয়েছেন— এই সংঘবদ্ধ পাচারকারী চক্রটি বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। এরপর তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন করা হতো এবং মুক্তিপণ আদায় করা হতো। চক্রটি এসব মানুষকে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের চূড়ান্ত পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটককৃত বোট এবং গ্রেপ্তারকৃত মানবপাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss