চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় গত ১৫ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে। ২০২৬ সালের পরীক্ষায় বোর্ডটিতে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ১৬৮ জন কম।
শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা বোর্ড থেকে দেওয়া তথ্য এসব জানা গেছে।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ৮৯ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে। এ জেলায় পাসের হার ২৯ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।
এবার তিনটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ছয়টি কলেজে।
গত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার আরও কমেছে। গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ৩ হাজার ১৬৮ জন কমেছে।
১৫ বছরের ফলাফলের ধারাবাহিকতায় এবার পাসের হার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা শিক্ষা বোর্ডটির ফলাফল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
চস/স


