spot_img

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে আজ সকালে (২৯ অক্টোবর) নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমিন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন।

সকাল প্রায় ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন মির্জা ফয়সাল আমিন। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করব।” তিনি আরও জানান, আবহাওয়া কিছুটা প্রতিকূল হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে। পাশাপাশি প্রশাসনকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন। ভোটদান শেষে তিনি ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান। তবে তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন, সেখানকার প্রিসাইডিং কর্মকর্তার পরিচয়পত্রে (আইডি কার্ড) ছবি না থাকার অভিযোগ তুলে তিনি প্রশ্ন রাখেন, “আমরা কীভাবে নিশ্চিত হব যে তিনিই প্রকৃত ব্যক্তি?” ভুয়া বা প্রক্সি ভোটের আশঙ্কার কথা উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখার জন্য রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ জানান তিনি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এই আসনের ১৮৫টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৪ জন। এছাড়া ২৮৭ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss