spot_img

১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধার, রুমমেট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার সঙ্গে নিখোঁজ হওয়া আরেক শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনো পাওয়া যায়নি এবং তার খোঁজ পাওয়ার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়।

নিখোঁজ নাহিদা এস বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ গত ১৬ এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন সকাল ৯টার দিকে জামিলকে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে দেখা যায়। এর ঘণ্টাখানেক পর সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা গিয়েছিল। তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ১৭ এপ্রিল তাদের এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে।

এই হৃদয়বিদারক ঘটনাটি নিশ্চিত করেছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তদন্তে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জামিলের মরদেহ উদ্ধারে সক্ষম হয়েছে। তবে নাহিদা এস বৃষ্টির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ বর্তমানে সন্দেহভাজন হিশাম আবুঘরবেহকে আরও জিজ্ঞাসাবাদের আওতায় রেখেছে এবং নাহিদার নিখোঁজের বিষয়টি তদন্ত করছে। পিএইচডি পর্যায়ে গবেষণারত দুই মেধাবী শিক্ষার্থীর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss