spot_img

১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ-সালমানকে!

দর্শকের জল্পনা-কল্পনা ও প্রত্যাশাকে সত্যি প্রমাণ করে অবশেষে ‘পাঠান’ ছবিতে দেখা গেছে শাহরুখ খান ও সালমান খানকে। বড় পর্দায় প্রিয় দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত দর্শক। একাধিক প্রেক্ষাগৃহে মিলেছে তাদের উন্মাদনার প্রমাণ।

তবে ‘পাঠান’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। পর্দায় তার উপস্থিতি থাকছে মাত্র মিনিট পনেরোর মতো। অনুরাগীদের প্রশ্ন, ফের কবে বলিউডের করণ ও অর্জুনকে এক ফ্রেমে দেখতে পাবেন তারা?

‘পাঠান’, ‘টাইগার’ এবং ‘ওয়ার’- এই তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিজস্ব স্পাই ইউনিভার্স তৈরি করেছে যশরাজ ফিল্মস। ওয়াইআরএফের কর্ণধার আদিত্য চোপড়ার পরিকল্পনা অনুযায়ী, তিন ফ্র্যাঞ্চাইজির সমান্তরাল কাহিনি দিয়ে সাজানো হবে পরবর্তী ছবিগুলোর চিত্রনাট্য। ফলে এক ফ্র্যাঞ্চাইজির ছবিতে কখনো কখনো অবতারণা হবে অন্য ফ্র্যাঞ্চাইজির নায়কের। আবার গল্পের বুননও এমন থাকবে, যাতে দুই তারকাকে এক ফ্রেমে ধারণ করার ক্ষেত্রে চিত্রনাট্যে কোনো ফাঁক না থাকে। এই ভাবনা থেকেই ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবি ‘টাইগার ৩’-এর গল্প সাজাতে চান নির্মাতারা।

‘পাঠান’-এ যেমন সালমান খানকে দেখা গেছে শাহরুখকে তার মিশনে সাহায্য করতে, তেমনই ‘টাইগার ৩’ ছবিতে বিশেষ চরিত্রে থাকছেন শাহরুখ খান। জানা গেছে, আগামী এপ্রিল মাসে সাত দিনের জন্য মুম্বাইয়ে ছবির শুটিংও করবেন বলিউডের ‘বাদশা’।

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে আরো বড় মাপের এক মিশনে অংশ নেবেন সালমান। এ ছবিতে শাহরুখের উপস্থিতি স্বল্প সময়ের জন্য হলেও দর্শক তার চরিত্রের গুরুত্ব টের পাবেন। শুধু দর্শকদের চাহিদাই নয়, গল্পের খাতিরেও একসঙ্গে পর্দায় আসছেন দুই তারকা। আপাতত এই বিষয় মাথায় রেখেই চিত্রনাট্য সাজাচ্ছেন নির্মাতারা। চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’।

সূত্র : আনন্দবাজার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss