spot_img

৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

গণপূর্ত উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। উনারা যেভাবে চান সেভাবে হবে। এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে। শপথ নিতে নিতেই এগুলো তৈরি হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল। ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।

আরও পড়ুন: নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদের জিজ্ঞেস করতে হবে। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss