ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বিএনপির শপথের পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা। এ ছাড়া জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন।
আজ মঙ্গলাবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে শপথ গ্রহণ করেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১০টা ৪০ মিনিটে শপথ অনুষ্ঠান শুরু হয়। বিএনপির সংসদ সদস্যদের শপথের পর দুপুর ১২টায় জামায়াত নেতৃত্বাধীন জোটের শপথ নেওয়ার কথা ছিল।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ শপথ নেবে না বিএনপি।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও মিত্ররা ২১২ আসনে জয়লাভ করে। বিএনপি দল হিসেবে ২০৯টি আসন লাভ করে। জামায়াত ও এনসিপি জোট পায় ৭৭টি আসন।
চস/স


