বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কালুরঘাট নতুন সেতু নির্মাণ এবং বোয়ালখালী-আরকান সড়ককে ৪ লেনে উন্নীত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
আজ রবিবার (৩০ মার্চ) সকালে সচিবালয়ে এরশাদ উল্লাহ মন্ত্রীদের সাথে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থার সংকট নিরসনে একটি সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব মন্ত্রীর হাতে তুলে ধরেন। প্রস্তাবে বোয়ালখালী-আরকান সড়ককে দ্রুততম সময়ের মধ্যে ৪ লেনে উন্নীত করা এবং কালুরঘাট কর্ণফুলী নদীর ওপর একটি আধুনিক ও টেকসই সেতু নির্মাণের প্রয়োজনীয়তা সবিস্তারে ব্যাখ্যা করা হয়।
এমপি এরশাদ উল্লাহ বলেন, “কালুরঘাট সেতু কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি দক্ষিণ চট্টগ্রামসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ধমনী। বর্তমানে জরাজীর্ণ সেতুর কারণে প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বোয়ালখালীর যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় অর্থনীতি জাতীয় প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংসদ সদস্যের প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, সরকার কালুরঘাট সেতু নির্মাণের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের বিষয়ে তিনি এমপিকে আশ্বস্ত করেন এবং বলেন, খুব শীঘ্রই চট্টগ্রামবাসী একটি আধুনিক, টেকসই ও দৃষ্টিনন্দন সেতু উপহার পাবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, যুবদলের সাধারণ সম্পাদক আজগর, বিশিষ্ট সমাজসেবক আবুল মিন্টু এবং সাবেক মেজর জেনারেল হুমায়ুনসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সংশ্লিষ্টরা আশা করছেন, এই আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত কালুরঘাট সেতু প্রকল্পের কাজ দ্রুত আলোর মুখ দেখবে।
চস/স


