চট্টগ্রামের হালিশহর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র্যাব। এ সময় একাধিক মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, আটটি সিমবক্সসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
বুধবার (২০ মে) র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৭ জানায়, র্যাব জানতে পারে- হালিশহর আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পরে মঙ্গলবার দিনগত রাতে র্যাব-৭ এর একটি দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানে হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলার একটি ভাড়া বাসায় প্রবেশের সময় সেটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে- সাতটি ২৫৬ পোর্টের সিমবক্স, একটি ৫১২ পোর্টের সিমবক্স, তিনটি রাউটার, তিনটি পাওয়ার অ্যাডাপটার, দুটি মাইক্রোনেট সুইচ, একটি টিপি-লিংক সুইচ, একটি ডিজিটাল হোম ইউপিএস, একটি ব্যাটারি এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি। এছাড়া গ্রামীণফোনের ২০টি ও টেলিটকের ২৩১টিসহ মোট ২৫১টি সিমকার্ড।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা আলামত হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চস/স


