spot_img

৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

৮ দফা দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে রাজধানীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবি উত্থাপন করে প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দেন। দাবি আদায় না হলে দিনব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষার্থীরা জানান, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তবে প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে বাধ্য হয়ে সড়কে নেমেছেন।

এসময় শিক্ষার্থী-বান্ধব ও মানবিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে দাবি করেন তারা। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।

শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা; এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা বন্ধ; দেশব্যাপী অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত; পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির জন্য সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া; প্রশ্নপত্রের ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর ক্ষতিপূরণ হিসেবে প্রদান; শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করা; গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন; এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের সর্বোচ্চ গুরুত্ব প্রদান।

শিক্ষার্থীদের এই কর্মসূচির ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss