spot_img

৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

দুই বছরের মাথায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ক্ষমতা গ্রহণের মাত্র দুই বছরের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার।

সোমবার (২২ জুন) সকালে ব্রিটিশ রাজা চার্লসের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

পদত্যাগের ঘোষণা দিয়ে কিয়ার স্টারমার বলেন, “আমি লেবার পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটিকে (এনইসি) পরবর্তী নেতৃত্ব নির্বাচনের একটি সময়সূচি নির্ধারণ করার অনুরোধ জানিয়েছি। এই সূচি অনুযায়ী, আগামী ৯ জুলাই থেকে নতুন দলীয় প্রধান নির্বাচনের মনোনয়ন বিতরণ শুরু হবে এবং পার্লামেন্টের গ্রীষ্মকালীন অবকাশের আগেই তা শেষ হবে।”

তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বরে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। তবে অন্তর্বর্তীকালীন সময় হিসেবে নতুন উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যের সংসদীয় সরকার ব্যবস্থা অনুযায়ী সাধারণত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানই প্রধানমন্ত্রী হন। বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে স্টারমারের পদত্যাগের পর নতুন নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি লেবার পার্টির অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে।

গত কয়েক মাস ধরেই স্টারমারের প্রধানমন্ত্রিত্ব নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তবে গত শুক্রবার পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয়, যখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম পার্লামেন্টের একটি উপ-নির্বাচনে জয়লাভ করেন। এই জয়ের ফলে লেবার পার্টির ভেতরে স্টারমারের নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ জানানোর পথ তৈরি হয় বার্নহামের।

এর আগে গত রবিবার ব্রিটিশ পত্রিকা ‘অবজারভার’ এক প্রতিবেদনে জানিয়েছিল, পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্টারমার তার স্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে সোমবারের মধ্যেই দলের শীর্ষ নেতারা তার কাছ থেকে একটি স্পষ্ট বিবৃতির প্রত্যাশা করছিলেন।

অথচ গত শুক্রবারও এক বিবৃতিতে কিয়ার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের ওপর কোনো চ্যালেঞ্জ এলে তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন। একই সঙ্গে তিনি দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে যেন দলকে ছিন্নভিন্ন করা না হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss