spot_img

২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কলকাতায় আওয়ামী লীগের সাবেক সাংসদ জোয়াহেরুল ইসলামের মৃত্যু

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে বিদেশ থেকে কলকাতায় আসেন। তার স্ত্রী আগে থেকেই মেডিকেল ভিসায় সেখানে অবস্থান করছিলেন। হাসপাতালে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে তার স্ত্রী হাসপাতাল থেকে বের হলেও কোনো কথা না বলে ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়ে চলে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারের অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) মিলবে বলে আশা করা হচ্ছে। এর আগে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার কথা রয়েছে।

আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসা জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরে তার স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে যোগ দেন। সেখানেই পরিবারসহ অবস্থানকালে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss