spot_img

২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে এটি তার প্রথম কোনো আবেদন।

সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। রয়টার্স সে চিঠি দেখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। সে লক্ষ্যেই সোমবার তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুতির পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।

বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে। ফলে তার দেশে ফেরার উদ্যোগ রাজনৈতিক বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকায় সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার প্রত্যাবর্তন নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান এবং দেশ ছাড়ার দুই বছরের বেশি সময় পর তার এই উদ্যোগে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss