spot_img

৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২২ সালে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী

বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় প্রায় ১৪০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।

রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জহির উদ্দিন স্বপন বলেন, ২০২২ সালে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কেনা হলেও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তার ভাষায়, ফিফাকে পুরো অর্থ পরিশোধের পরও অতিরিক্ত অর্থ লেনদেনের মাধ্যমে এ অনিয়ম সংঘটিত হয়।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, বিশ্বকাপ সম্প্রচারে জনগণের অর্থ ব্যয় করা যাবে না। সেই নির্দেশনা অনুসরণ করে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে কেনা হয়েছে এবং দেশের চারটি গণমাধ্যমের মাধ্যমে সফলভাবে খেলা সম্প্রচার করা হয়েছে।

তথ্যমন্ত্রীর দাবি, এবারের পুরো আয়োজন শেষে ৩ থেকে ৪ কোটি টাকার সামান্য ঘাটতি থাকতে পারে, যা বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ে পূরণ হয়ে যাবে। ফলে সরকারি তহবিল থেকে প্রায় কোনো অর্থই ব্যয় করতে হয়নি।

সাবেক সরকারের সময়ের অনিয়মের বিষয়ে তিনি বলেন, বিটিভির মাধ্যমে সংঘটিত বলে অভিযোগ ওঠা ১৪০ কোটি টাকার দুর্নীতির ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

চস/স

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম।

আজ রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

চস/স

হঠাৎ বন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্শন

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার (১৯ জুলাই) দুপুর থেকে হঠাৎ প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে লগ-ইন করতে পারছেন না তারা। অনেকে অ্যাপ বা ওয়েবসাইট লোড হতে দেরি হওয়া এবং ফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ আসতে থাকে। মাত্র কয়েক মিনিটেই অভিযোগকারীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।

বিস্তারিত আসছে…

চস/স

১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

নকআউট পর্বের আক্ষেপ আর সমালোচনাকে পেছনে ফেলে মিয়ামি স্টেডিয়ামে ইতিহাস গড়ল ইংল্যান্ড ও ফ্রান্স। টুর্নামেন্টের অন্যতম সেরা দুই হেভিওয়েটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি রূপ নিয়েছিল এক অবিশ্বাস্য গোলবন্যা ও রেকর্ডের মহাকাব্যে। ৬৪,৪৭৮ জন দর্শকের সামনে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান অধিকার করেছে থ্রি লায়ন্সরা। ১৯৬৬ সালের পর ছেলেদের ফুটবলে এবং বিদেশের মাটিতে এটাই ইংলিশদের ইতিহাসের সেরা সাফল্য।

ম্যাচের শুরু থেকেই ফরাসি রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দেয় ইংল্যান্ড। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ একরকম পকেটে পুরে নেয় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ৩ মিনিটে ডেক্লান রাইসের গোলের পর, ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এজেরি কনসা। এরপর শুরু হয় বুকায়ো সাকার ম্যাজিক। ৩৭ ও ৪৫+১ মিনিটে জোড়া গোল করে ফ্রান্সকে স্তব্ধ করে দেন এই আর্সেনাল ফরোয়ার্ড। ১৯৩০ সালের পর এই প্রথম প্রথমার্ধেই ৪ গোলে পিছিয়ে পড়ার তিক্ত স্বাদ পায় দিদিয়ের দেশমের দল।

তবে বিদায়ী কোচ দেশমের অধীনে দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় ফরাসিরা। মাইকেল ওলিসের জোড়া অ্যাসিস্টে ৪৮ ও ৬৬ মিনিটে দুটি গোল করেন কিলিয়ান এমবাপে। এই জোড়া গোলে লিওনেল মেসিকে (২১ গোল) টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ড এখন এমবাপের ঝুলিতে। মাঝে ৫৪ মিনিটে এমবাপের পাসে গোল করেন বারকোলা।

নাটকের তখনও বাকি ছিল। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন সাকা। ১৯৬৬ সালের পর প্রথম ইংলিশ হিসেবে এবং ১৯৫৮ সালে পেলের পর ফ্রান্সের বিপক্ষে নকআউটে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি। ইনজুরি টাইমের ৯৬ মিনিটে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে চতুর্থ গোল করলেও, ৯৮ মিনিটে জুড বেলিংহ্যামের গোল ইংল্যান্ডের ৬-৪ ব্যবধানের ঐতিহাসিক জয় নিশ্চিত করে।

এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে নিজের ৭ম গোল পূর্ণ করে এক আসরে ইংলিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন বেলিংহ্যাম। অন্যদিকে, ম্যাচটিতে ৭টি অ্যাসিস্টের মাধ্যমে পেলের ১৯৭০ সালের রেকর্ড ভাঙলেন ফ্রান্সের মাইকেল ওলিসে। ১৯৫৮ সালের পর বিশ্বকাপে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড গড়া এই ম্যাচে শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হলো ফরাসিদেরই। ৬৬ বছর পর যেকোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ৬ গোল হজম করার রেকর্ড নিয়ে মাঠ ছাড়তে হলো বিদায়ী দেশমের ফ্রান্সকে।

চস/স

মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপে

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ১২ বছর সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডটি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে ছিল। সেই রেকর্ড ভাঙা-গড়ায় এবার ইঁদুর-বিড়াল দৌড় চলছে। লিওনেল মেসির ফাইনাল বাকি থাকায় সেই দৌড় এখনও শেষ হয়নি। তবে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোল ও গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গেলেন কিলিয়ান এমবাপে।

গতকাল (শনিবার) দিবাগত রাতে ফ্রান্স-ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ছিল অনেকটাই নিয়মরক্ষার। বিশ্বকাপের নিরিখে এই ম্যাচের গুরুত্ব থাকলেও, উভয় দলই ফাইনালে উঠতে না পারার হতাশা লুকিয়ে রাখতে পারছিল না। তাদের আক্ষেপ নিয়ে মায়ামি স্টেডিয়ামে গড়ায় বল। যেখানে বুকায়ো সাকার হ্যাটট্রিকে ৬-৪ গোলে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের তৃতীয় হয়েছে।

ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের অ্যাসিস্টে জোড়া গোল করেন এমবাপে। যার সুবাদে মেসিকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের মালিক এখন ফরাসি এই তারকা, যা তাকে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবার ওপরে তুলে দিয়েছে। চলতি আসরে এখন পর্যন্ত মেসির গোল ৮ এবং অ্যাসিস্ট ৪টি। অ্যাসিস্টের হিসাবে আর্জেন্টাইন মহাতারকা এগিয়েই ছিলেন।

ফ্রান্সের ম্যাচ বাকি থাকায় নিশ্চিন্তও থাকতে পারছিলেন না মেসি। ফলে ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে তারও নজর ছিল ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচে। তার চেয়ে অ্যাসিস্টে পিছিয়ে ছিলেন এমবাপে। সেই সংখ্যাটিও এখন মেসির সমান ৪টি, পাশাপাশি এমবাপে জোড়া গোল করে আসরে নিজের স্কোরটা নিয়ে গেলেন ১০টিতে। বিশ্বের মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে ন্যূনতম ১০ গোল করলেন এমবাপে।

এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের বিশ্বরেকর্ড আছে ফরাসি কিংবদন্তি জাস্টিন ফন্টেইনের, ১৯৭০ বিশ্বকাপে তিনি ওই কীর্তি গড়েন। এ ছাড়া হাঙ্গেরির স্যান্ডর কোচসিচ ১৯৫৪ আসরে ১১ এবং জার্মান কিংবদন্তি গার্ড মুলার ১৯৭০ আসরে ১০ গোল করেন। বিশ্বকাপে ন্যূনতম ১০ গোলের সেই এলিট লিস্টে নিজের নাম লেখালেন এমবাপে।

চস/স

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে হতাহত ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চস/স

কনটেইনার খালাসের সময় চট্টগ্রাম বন্দরে ভয়াবহ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) ৩ নম্বর বার্থে কনটেইনার খালাসের সময় একটি দুর্ঘটনা ঘটেছে। এতে একটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন ও একটি আমদানি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, চ্যাং হাই নামের একটি জাহাজ থেকে কোয়ে গ্যান্ট্রি ক্রেন-৪ (কিউজিসি-৪) দিয়ে ৪০ ফুটের একটি আমদানি কনটেইনার খালাস করা হচ্ছিল। এ সময় স্প্রেডারের ল্যাশিং ছিঁড়ে গেলে কনটেইনারটি ক্রেনের বিমের ওপর পড়ে যায়। এতে ক্রেন ও কনটেইনার উভয়ই আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই বন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা প্রোটোকল কার্যকর করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল নিরাপদ করার পাশাপাশি দুর্ঘটনাকবলিত কনটেইনার অপসারণ এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটির ৩ নম্বর বার্থের দুর্ঘটনাকবলিত স্থান ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কনটেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চস/স

নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধন করলেন মেয়র শাহাদাত

চট্টগ্রামকে স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নগরী হিসেবে গড়ে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নাগরিক সেবা হাতের মুঠোয় পৌঁছে দিতে চালু হয়েছে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সিএসআর অর্থায়নে অ্যাপটির প্রযুক্তিগত উন্নয়ন করেছে ভেনটো টেক।

উদ্বোধনী বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এটি শুধু একটি অ্যাপ নয়, নাগরিক ও চসিকের মধ্যে ডিজিটাল সেতুবন্ধন। স্মার্ট ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এখন থেকে ঘরে বসেই রাস্তা, জলাবদ্ধতা, মশাসহ ১০টি ক্যাটাগরির সমস্যা ছবি ও লোকেশনসহ জানানো যাবে এবং লাইভ ট্র্যাক করা যাবে।”

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন জানান, অ্যাপটিতে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও অনলাইন আবেদনের পাশাপাশি নাগরিক মতামত গ্রহণের পোলিং সিস্টেম রয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা সংযুক্ত করা হবে, যা স্বয়ংক্রিয়ভাবে ময়লা ও জলাবদ্ধতা শনাক্ত করবে। আগামী দুই মাসের মধ্যে চসিকের অধিকাংশ সেবা সম্পূর্ণ অনলাইন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, রাজনীতিবিদ আবুল হাশেম বক্করসহ চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিজিটাল চট্টগ্রাম বিনির্মাণে এই অ্যাপ এক নতুন দিগন্তের সূচনা করল।

চস/স

কারাগার থেকে পালালেন তরুণী, ৭ জন বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক বন্দি তরুণী দেয়াল টপকে পালানোর ঘটনায় দুই জন মেট্রন ও পাঁচ নারী কারারক্ষীসহ মোট সাত জনকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত কর্মকর্তা ও কর্মচারীরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফরহাদ। তিনি বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে শুক্রবার তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। পরে গতকাল (শুক্রবার) রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা করে।

চস/স

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এমনকি এখনও চূড়ান্ত কিংবা সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়নি৷ তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এজন্য ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি দেরি হবে না।

চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আশা করছি পারব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।’

এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছিলেন। গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।

এদিকে, বোর্ড সূত্রে জানা গেছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিল মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

চস/স