spot_img

১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের খাবার পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২৬ জুলাই) রাতে সীতাকুণ্ড থানায় এজাহারনামীয় ৩৪ জন ও ২০-২৫ জন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।

জানা গেছে, গতকাল রবিবার সকালে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগরে অবস্থিত পুলিশ ফাঁড়ি এলাকায় যৌথবাহিনী ও স্কুলের ব্যবহৃত পানি ব্যবহার করে কয়েকজন পুলিশ সদস্য শরীরে অস্বস্তি অনুভব করেন। পানি চোখে মুখে দেবার পর তাতে দুর্গন্ধ ও জ্বালাপোড়া শুরু হলে তারা দেখেন পানির রঙ বদলে সাদা ফেনা যুক্ত হয়ে গেছে। এতে তারা বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করে ওই পানি ব্যবহার বন্ধ রাখেন। খবর পেয়ে চট্টগ্রামের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে গিয়ে তদন্ত শুরু করে পানিতে বিষাক্ত কেমিক্যাল মেশানোর প্রমাণ পান।

ঘটনাস্থলে আসা চট্টগ্রামের এডিশনাল ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে কিভাবে পানিতে বিষাক্ত কিছু মেশানো হলো তা তদন্ত করতে গিয়ে উৎস খুঁজতে খুঁজতে কিছুটা দূরে জঙ্গলে সাপ্লাই লাইনে কেটে তা প্লাষ্টিক দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পাই। সেটি ভালোভাবে দেখে বুঝতে পারি এখানে পানির দুটি লাইন দুই দিকে চলে গেছে। একটি গেছে স্থানীয় স্কুলের দিকে অন্যটি পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীর যৌথ ক্যাম্পের দিকে। দুস্কৃতিরা যৌথবাহিনীর সাপ্লাই লাইনের চাবি আগে বন্ধ করে। তারপর সেটি কেটে পাইপের ভেতরে বিষাক্ত কোন কেমিক্যাল ঢুকিয়ে দিয়ে পুনরায় লাইনটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে। কিন্তু সকালে পুলিশ সদস্যরা ঘুম থেকে উঠে পানি ব্যবহার করতে গিয়ে টের পেয়ে যায়। নচেৎ এই পানি ব্যবহার করলে কোমলমতি শিক্ষার্থী এবং পুলিশসহ অন্যদের বড় ধরনের ক্ষতি হতে পারত।

এডিশনাল ডিআইজি নাজিম আরো বলেন, জঙ্গল সলিমপুর ভূমিদস্যু মুক্ত করতে এখানে যৌথবাহিনী থাকুক তা সন্ত্রাসীরা মানতে পারছে না। তারা এর আগেও এখানে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেছে। ক্যাম্পে হামলা করেছে, আরো নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সবশেষে পানিতে বিষও তারাই মিশিয়েছে। তবে রবিবার এই পানি ব্যবহারে ৩-৪ জন পেটের পীড়াসহ হালকা অসুস্থ হলেও তাদেরকে ওষুধ দিয়ে সুস্থ করা গেছে। এছাড়া পানি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, এ ঘটনায় অন্তর্ঘাতমূলক মামলা দায়ের করা হয়োছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সূত্র: পূর্বকোণ

চস/স

অবৈধ অনুপ্রবেশে হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামিয়ে দিলো ইরান

হরমুজ প্রণালির দক্ষিণাংশে নিজের নেভিগেশন ও অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ রেখে ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ’ পথ দিয়ে পারাপারের সময় ৬টি জাহাজকে বাধা দিয়েছে ইরান।

সোমবার (২৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় মাধ্যমটি জানায় যে বাধা দেওয়ার পর একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে এবং অন্য জাহাজগুলো ‘ইরানের দৃঢ় ব্যবস্থাপনায়’ পুনরায় পারস্য উপসাগরে ফিরে গেছে।

ইরানের এক কর্মকর্তার বরাতে আইআরআইবি জানিয়েছে যে সোমবার ভোরের দিকে মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় জাহাজগুলো উক্ত ঝুঁকিপূর্ণ পথে প্রবেশের চেষ্টা করলে এই ঘটনা ঘটে। সূত্র: আল জাজিরা

চস/স

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন।

এদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

বর্তমানে এ মামলায় গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করেছে।

চস/স

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। রোববার বঙ্গভবন ত্যাগের মধ্যদিয়ে সরকারি বাসভবনে তার অবস্থানেরও সমাপ্তি হয়।

সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

মো. সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। এরপর গত ২৪ জুলাই পদত্যাগ করেন তিনি। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

চস/স

একরামুল হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আটজনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ও তিনজনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি এ মামলায় আনা অভিযোগ তুলে ধরার পাশাপাশি ফরমাল চার্জ আমলে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তার আসামিদের হাজিরের নির্দেশ দেন আদালত। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়।

আসামিরা হলেন- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন (সেনাবাহিনীতে কর্মরত), কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), মেজর রুহুল আমিন, সেনা কর্মকর্তা নাজমুস সাকিব, সাবেক এমপি আবদুর রহমান বদি ও সেনা কর্মকর্তা আশিকুর রহমান। এর মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার রয়েছেন আবদুর রহমান বদি, আনোয়ার লতিফ ও মাহাবুব আলম।

এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

চস/স

রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাদের আছে। দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না-এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিরোধী দল মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। এ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধীপক্ষকে জিজ্ঞেস করেন কেন তারা রাষ্ট্রপতির গ্রেপ্তার চান। এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালি দিচ্ছেন, সেই অধিকার তাঁদের আছে।’ গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে বলে প্রত্যাশার কথা জানান মন্ত্রী। প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড; তার ( ইমিউনিটি) দায়মুক্তি আছে। ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাঁদের আছে। দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না।’

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা সেই সময়কার বিষয়। সেটা আইন অনুসারে চলবে।’

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার, সেটা তিনি পাবেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সুরক্ষার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) অন্যান্য সুবিধা ছয় মাসের জন্য পাবেন। পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সুবিধা পাবেন।

চস/স

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।

রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

চস/স

উত্তর ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ কর্মসূচি রবিবার (২৬ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে।

কর্মসূচির প্রভাবে উত্তর ফটিকছড়ির দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে দোকানপাট বন্ধ রয়েছে এবং সড়কপথে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে গত ২১ জুলাই রাতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ২৬ জুলাই থেকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির দাবি, নবগঠিত উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছে।

এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই তিন ইউনিয়নের বাসিন্দারা সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালন করেন।

দাঁতমারা, নারায়ণহাট ও বাগানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে রবিবার সকালে দেখা যায়, বাজারগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গহিরা-হেয়াকো সড়ক এবং ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাটও বন্ধ থাকায় জনজীবনে এর প্রভাব পড়েছে।

হরতাল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, হরতালের কারণে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চস/স

আনোয়ারায় একমাত্র ছেলের হাতে প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর ঘটনাস্থল থেকে মায়ের মরদেহ উদ্ধারসহ অভিযুক্তকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তার ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।

এই ঘটনায় তাদের একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত কল্পনা দাশের ছোটো জা তিথি দাশ বলেন, ‘রিমন দীর্ঘদিন মাদকাসক্ত ছিলো। কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছিল। শনিবার সকালে তারা মা-বাবা-ছেলে বাইরে গিয়ে ১২টার দিকে বাড়ি ফিরে। এর কিছুক্ষণ পরই ছেলেটি ছুরি জাতীয় জিনিস দিয়ে তার মাকে আঘাত করছিল। মাকে বাঁচাতে তার বাবা এগিয়ে গেলে ছেলে তার বাবাকেও আঘাত করে। এসময় আমরা দৌড়ে আশেপাশের মানুষ ডাকতে যায়। এসে দেখি তার মা ঘটনাস্থলে মারা গেছে আর বাবাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।’

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানোর সময় তার মৃত্যু হয়। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেটিকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, হাসপাতালেও আরেকটি মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহগুলোকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চস/স

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের প্রধান দায়িত্ব তথ্য তুলে ধরা, কোনও পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। একইসঙ্গে সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক এই আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই।’

সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘আমিও মনে করি, সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না। সাংবাদিকদের কাজ তথ্য দেওয়া।’

সাংবাদিকতার পরিসর কোনও নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না উল্লেখ করে জহির উদ্দীন স্বপন বলেন, ‘সাংবাদিকতার কোনও বর্ডার থাকতে পারে না।’

চস/স