spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেয়ার ঘোষণা সরকারের

০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ জানান, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী সন্ত্রাস। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেবে সরকার। প্রতিশোধ নয়, ন্যায় বিচার নিশ্চিতে হাসিনাকে ফেরত চায় ঢাকা।

তিনি বলেন, রিকনসিলিয়েশনের জন্য যারা মারাত্মক ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার হতে হবে। যেই দল মানবতাবিরোধী অপরাধ করে চলে গেছে, তার জায়গা থেকে এখন পর্যন্ত অনুতাপের কোনও লক্ষণ নেই, উপরন্তু তারা নানা রকম সংকট তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ড. ইউনূসকে হেনস্তা করার চেষ্টা হয়েছ। তার অপরাধ হচ্ছে তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব কেন নিয়েছেন। শুধু এটি নয়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, যেই দল প্রকাশ্যে দেশের ভেতরে নানা রকম সহিংসতা ও সন্ত্রাস উস্কে দেয়ার চেষ্টা করে এবং তাদের দলের প্রধানও এসব কাজ করে; সেখানে সরকারের দিক থেকে রিকনসিলিয়েশনের ইনিশিয়েটিভ নেয়ার প্রশ্নই আসে না।

তিনি বলেন, রিকনসিলিয়েশনের নূন্যতম কোনো সম্ভাবনা যদি থেকে থাকে, তাহলে সেটি আওয়ামী লীগকে তার জায়গা থেকে বলার কথা ছিল। দুই বছর পর তাদের আচরণ দেখে রিকনসিলিয়েশনের আদৌ কোনও সম্ভাবনা আমি দেখি না। ক্ষমা চাওয়া, অনুতাপ দূরে থাকুক; তারা হুমকি দিচ্ছে এবং নানা রকম সহিংসতা উস্কে দেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ড. ইউনূস, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, অভিনেত্রী বাঁধনকে হেনস্তার চেষ্টা প্রেশার গ্রুপ-ট্রুপ কিছু না, এগুলো আওয়ামী সন্ত্রাস। সেটা নিয়ে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, ভবিষ্যতেও নেয়া হবে। আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের পদক্ষেপ আনচ্যালেঞ্জড যাওয়ার প্রশ্নই আসে না।

প্রসঙ্গত, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ্য করে ‘ইউ আর আ টেরোরিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করছিলেন।

এ ছাড়া, বিক্ষোভকারীরা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরে সঙ্গে থাকা সহযোগীর সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

চস/স

২৪ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট ভিসি বললেন ‘প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম চাই’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ কার্যালয়ে একদিনের বেশি সময় ধরে অবরুদ্ধ ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি বলেন, আমার প্রচণ্ড মাথাব্যথা, এখন একটু রেস্টে থাকতে চাই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চুয়েটের ভিসি বলেন, সার্বিক অবস্থা আপনারা (সাংবাদিক) সবার কাছ থেকে শোনেন, আমাদের অবস্থা খুব বেশি ভালো না। আমাদের এখানে কেউ ঘুমাতে পারিনি।

তিনি আরও বলেন, আমার দুই কলিগ (সহকর্মী) অসুস্থ হয়ে গেছে, তাদের রাত ২টায় হাসপাতালে ভর্তি করেছি।

বের হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান কিনা, এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, এটা প্রশাসন বিবেচনা করবে, আমি না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

নিয়োগের ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ করেন ভিসি শেখ শরীফুল আলম। খবর পেয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

চস/স

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

০

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ (১২ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে অবৈধ অভিবাসন প্রতিরোধ, মানবপাচার রোধ, দক্ষ জনশক্তি রফতানি, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট নিরসনসহ নানা দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার অবৈধ অভিবাসনের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ইউরোপের বাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী প্রেরণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, ইইউভুক্ত দেশের বিশেষজ্ঞদের বাংলাদেশে এনে ৭৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর আন্তর্জাতিক সনদ প্রদান এবং ইন্টারপোল ডেটাবেজ যুক্ত ‘অ্যাডভান্সড প্যাসেঞ্জার ইনফরমেশন অ্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ চলতি বছরের শেষ নাগাদ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত পরিচালনায় ‘ফ্রন্টেক্স’-এর সঙ্গে সমঝোতার বিষয় নিয়েও কথা হয়।

ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করে বলেন, অবৈধ পথ বন্ধ হলে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের বৈধ প্রবেশ সহজ হবে। তিনি ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় দক্ষ জনশক্তি তৈরিতে সহযোগিতার আশ্বাস দেন।

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি এখন বৈশ্বিক নিরাপত্তার হুমকি। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টিতে ইইউর সাহায্য চান তিনি। জবাবে ইইউ প্রতিনিধি দল যৌথ কূটনৈতিক প্রচেষ্টার আশ্বাস দেয়।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চস/স

সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

০

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা এবং তার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি লেফটেন্যান্ট (অব.) গুলশান আরার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।

চস/স

নতুন উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা

নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য ভবন ত্যাগ না করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভেতরে রেখেই ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর তারা উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে এ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে আজ দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ত্যাগের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন না ছাড়লে সেটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা, ফটকে তালা দেওয়া এবং বাইরে থেকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন তারা।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নির্ধারিত সময় পার হওয়ার পর উপাচার্য ভবনের ফটকে তালা দেওয়া হয়। এ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের ভবনের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগের পর গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে আন্দোলনের কারণে এত দিন তিনি সরাসরি ক্যাম্পাসে যেতে পারেননি।

এর মধ্যে ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের কারণে চুয়েট ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

চস/স

চট্টগ্রাম কাস্টমসে অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব প্রবৃদ্ধি ১১ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে এই সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৯ হাজার ৯৪৯ কোটি টাকা।

চট্টগ্রাম কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে ২২ হাজার ৮৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৯ হাজার ৯০২ কোটি টাকা। অর্থাৎ আদায় বেড়েছে ২ হাজার ১৮১ কোটি টাকা। তবে ৩২ হাজার ৩২ কোটি টাকার নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে আয় কম হয়েছে ৩১ শতাংশ।

রাজস্বে এই ঘাটতির অন্যতম কারণ সেপ্টেম্বর মাসে পণ্য আমদানি ও শুল্কায়নযোগ্য মূল্য কমে যাওয়া। ওই মাসে আমদানি ৪.১ শতাংশ কমে ৯০.৮৪ লাখ টনে নামে। শুল্ক স্তরভিত্তিক আদায়ে দেখা যায়, ২৫ শতাংশ শুল্কের পণ্য থেকে আয় ২১ শতাংশ কমলেও ৩ শতাংশ শুল্ক স্তরের পণ্য থেকে আয় বেড়েছে ২৪১ শতাংশ। তবে সামগ্রিকভাবে প্রথম প্রান্তিকে মোট আমদানি ও শুল্কায়নযোগ্য মূল্য যথাক্রমে ৩.৬৩% ও ৯.২৬% বেড়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমীন জানান, বেশি শুল্কযুক্ত পণ্য আমদানির কারণে রাজস্বে প্রবৃদ্ধি বজায় রয়েছে। আগামী মাসগুলোতে আমদানির গতি বাড়লে রাজস্ব লক্ষ্যমাত্রার ঘাটতি অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চস/স

রূপপুরের প্রথম ইউনিটে নভেম্বরে বিদ্যুৎ উৎপাদন শুরু

০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে নভেম্বরের শেষ নাগাদ বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রত্যাশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। রবিবার রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাশিয়া সফরকালে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই আশার কথা জানান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ। তিনি জানান, উৎপাদন শুরুর এই অগ্রগতি প্রকল্পটির ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়েও আগ্রহ তৈরি করেছে। এ বিষয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার ও জনগণ।

চলতি বছরের ২৮ এপ্রিল প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়েছিল, যা ছিল চালুকরণের একটি বড় ধাপ। ২০১১ সালের চুক্তির আওতায় নির্মিত এই মেগা প্রকল্পে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। পাশাপাশি ছোট আকারের এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের রোসাটমের অন্যান্য প্রস্তাব নিয়েও বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে।

সব ঠিকঠাক থাকলে দেশের বিদ্যুৎ খাতে এক নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। রূপপুরের দ্বিতীয় ইউনিটেও আগামী বছর চালুকরণ কার্যক্রম শুরু হবে বলে আশা করছে রুশ এই সংস্থাটি।

চস/স

সৌদি বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে বাতিল ৭ ফ্লাইট

০

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে আজ রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টা পর্যন্ত মোট সাতটি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগে রাতের ফ্লাইট বাতিলের তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৮০৪ ও এসভি ৮০৫, এসভি ৮০৬ ও এসভি ৮০৭ এবং আরএক্স ৭৬৩ ও আরএক্স ৭৬৪। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৯ ফ্লাইটটি বাতিল হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদ যাওয়ার কথা ছিল।

গতকাল শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৮১ ফ্লাইটটি গন্তব্যে যেতে না পেরে অন্যত্র অবতরণ করে। ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল গতকাল বেলা ৩টা ১০ মিনিট। তবে এটি গতকাল দিবাগত রাত ৩টা ১০ মিনিটে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস গতকাল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়। ফ্লাইট দুটিতে টিকিট বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যেতে পরামর্শ দেয়া হয়।

বিমান জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও নতুন সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রিয়াদে বিমানবন্দরের পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল ও সূচি পরিবর্তনে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

চস/স

ঢাকায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ, চট্টগ্রামে দাফন

০

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।

২০২৪ সালের ১৯ আগস্ট ভারতে যাওয়া রোটন দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি। বেনাপোলে মরদেহ গ্রহণের সময় রোটনের স্ত্রী আরেফা সুলতানা এবং বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন উপস্থিত ছিলেন। পুলিশ ও বিজিবির কঠোর সুরক্ষায় মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠায় প্রশাসন।

রোটনের স্ত্রী আরেফা সুলতানা বলেন, “ঢাকায় পৌঁছানোর পর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ চট্টগ্রামের রাউজানে গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানেই দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।”

২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা রোটন পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার মরদেহ আনাকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়।

চস/স

সাজেকে সড়ক অবরোধ, অনিশ্চয়তায় দুই হাজার পর্যটক

০

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে আজ রবিবার (১১ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। এর ফলে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সকাল থেকেই সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উজোবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে অবরোধকারীদের। অবরোধের কারণে সাজেকে বর্তমানে প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েছেন। ভ্রমণ শেষে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির দাবি, জেএসএসের নাম ব্যবহারকারী একটি সশস্ত্র গোষ্ঠী এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি ও সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বাসিন্দাদের নিরাপত্তার দাবিতেই এই আন্দোলন।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা বলেন, “সশস্ত্র গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

রিসোর্ট মালিক সংগঠন সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপদে ফেরাতে দুপুরে নিরাপত্তা বাহিনীর বিশেষ এসকর্টের ব্যবস্থা করার চেষ্টা চলছে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চস/স