spot_img

২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা প্রধান নিহত

মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে নিহত হয়েছেন তিনি।

এক বিবৃতিতে মেজর জেনারেল খাদেমির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।” বিবৃতিতে এর বেশি আর কিছু বলা হয়নি।

ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের প্রথম দিনই নিহত হন খামেনিসহ ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।

সমানতালে হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন মোট ১ হাজার ৩৪০ জন। সূত্র : আলজাজিরা

চস/স

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে

আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর এক মাস ৪ দিন পর আগামী ১২ মে (মঙ্গলবার) সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ এপ্রিল। এছাড়া ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত শিডিউল জানানো হবে।

তিনি জানান, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে ৫০টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। সেই সঙ্গে জামায়াত-এনসিপি জোট পাচ্ছে ১৩টি আসন। এছাড়া স্বতন্ত্র ৬ প্রার্থী জোটে থাকছে একটি আসন।

আগামী ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরের উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেরপুরে মোট ১২৯টি কেন্দ্র রয়েছে। এছাড়া বগুড়ায় কেন্দ্র রয়েছে ১৫১টি। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনোরকম দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সার্বিক পরিস্থিতি মনিটরিং করে আসছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।

নির্বাচনি সামগ্রী সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, আরপিও অনুযায়ী নির্বাচনি সামগ্রী সংরক্ষণের সময়সীমা ন্যূনতম এক বছর। তবে কোনো আসনের ক্ষেত্রে যদি আদালতের নির্দেশনা থাকে, তবে সে আসনের ক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী সেটির নিষ্পত্তি হবে। সবমিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন পরবর্তী মামলা হয়েছে ৫০টি। এই ৫০টি আসনের নির্বাচনি মালামাল আদালতের আদেশ পর্যন্ত সংরক্ষণ করা হবে।

চস/স

সংসদ সদস্যদের ঋণ ১১ হাজার ১১৭ কোটি টাকা: অর্থমন্ত্রী

বর্তমান সংসদ সদস্য (এমপি) এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে সংসদ সদস্য এবং তাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো থেকে নেওয়া মোট ঋণের স্থিতি ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

ঋণের একটি বড় অংশই বর্তমানে খেলাপি হিসেবে চিহ্নিত। অর্থমন্ত্রী সংসদকে জানান, উল্লিখিত ঋণের মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি। তবে তিনি বিশেষ দ্রষ্টব্য হিসেবে উল্লেখ করেন যে, আদালতের নির্দেশনা বা স্থগিতাদেশের কারণে এই খেলাপি ঋণের একটি অংশ নিয়মিত ঋণ হিসেবে দেখানো হতে পারে, যা আইনি মারপ্যাঁচে খেলাপি তালিকার বাইরে ছিল।

চস/স

তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এ আদেশ দেন।

সোমবার সকালে আদালতে হাজির হতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিলে মামলার অগ্রগতির বিষয়ে তথ্য তুলে ধরেন তদন্ত কর্মকর্তা। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএনএ পরীক্ষা করার আদেশ করা ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনজনই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়ার পরই সোমবার ( ৬ এপ্রিল) ওই তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার তদন্তের বিষয়ে আদালতে লিখিত প্রতিবেদন দেন। এতে বিচারক সন্দেহভাজন ৩ জনের ডিএনএ করার নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম বলেন, আগেই তনুর ব্যবহারের কিছু কাপড় থেকে ৩ জন ব্যক্তির ডিএনএ প্রোফাইল করা হয়। এগুলো পরে আর ম্যাচিং করা হয়নি। তাই আজ আদালত বলেছে, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ টেস্ট করতে। ওই ৩ জন এরই মধ্যে সেনাবাহিনী থেকে অবসরে গিয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেন, মামলার পরবর্তী তারিখে তদন্তের অগ্রগতি জানাতে বলেছেন আদালত।

তনুর বাবা ইয়ার হোসেনও আজ আদালতে আসেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে থাকার সময় বলেছিলেন বিএনপি ক্ষমতার আসল তনু হত্যার বিচার করবেন। আমি এখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে মেয়ে হত্যার বিচার চাইব। মেয়ের ছবি নিয়ে ঘুরছি। দেশের সকল হত্যার বিচার হইলেও আমার তনুর কেন বিচার হবে না। গত ১০ বছর ধরে বিচারের আশায় তনুর মাকে নিয়ে যে যেখানে বলেছে ছুটে গিয়েছি। এখন আর পারছি না।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

চস/স

আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহর ভিসা ইহুদিবিদ্বেষী বক্তব্যের অভিযোগে বাতিল করেছে অস্ট্রেলিয়া। সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের তথ্যমতে, অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় গত শনিবার (৩ এপ্রিল) সিডনিতে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল শায়খ আহমাদুল্লাহর। কিন্তু তার আগেই পুরোনো কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসায় বিতর্ক শুরু হয়।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিশ্বের সব অস্থিরতার মূলে রয়েছে ইহুদি ষড়যন্ত্র। তারা ‍খুবই জঘন্য, পৃথিবীর যত অশান্তি, তার নেপথ্য কারিগর ইহুদিরা।’ শায়খ আহমাদুল্লাহর এ ধরনের বক্তব্যকে ইহুদিবিদ্বেষী হিসেবে গণ্য করে তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শায়খ আহমাদুল্লাহকে অস্ট্রেলিয়ায় প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়।

ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ। সিডনির পাঞ্চবোলে শনিবার সন্ধ্যায় ওই অনুষ্ঠানে তার বক্তা দেওয়ার কথা ছিল।

এর আগে একই অভিযোগে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির ভিসাও বাতিল করেছিল অস্ট্রেলিয়া।

চস/স

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় ভার্মা।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির জানিয়েছেন, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি ছাড়াও দ্বিপাক্ষিক জনগণ-সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইতিবাচক মানসিকতা থাকলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব। এ সময় দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন সরকারপ্রধান।

জবাবে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত।

বৈঠকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে রাজনৈতিকভাবে মরে গেছেন। শেখ হাসিনার আওয়ামী লীগ বলতে বাংলাদেশে এখন আর কিছু নেই।’ তবে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি জানিয়ে দেশের স্বার্থ-সংশ্লিষ্ট সব বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ূন কবির জানান, ইন্ডিয়ান ওসেন সামিটে অংশ নিতে মরিশাস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। যাত্রাপথে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতে একটি শুভেচ্ছা সফরও করবেন তারা।

চস/স

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ২

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন আরও ১১ জন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ, এখনও ২ জন নিখোঁজ আছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

গতকাল রোববার (৫ এপ্রিল) বিকেলে হাইফার আবাসিক এলাকায় একটি ৫ তলা ভবনে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এত ১১ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও ৪ জন।

ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।

এছাড়া নিখোঁজ ৪ জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ২ জনকে উদ্ধারে এখনও তৎপরতা জারি আছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুসারে, রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল ৪৫০ কেজি। সূত্র : টাইমস অব ইসরায়েল

চস/স

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৪টি বিশাল জাহাজ

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সংকটের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে চারটি বিশাল জাহাজ।

সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সূত্র জানায়, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে বন্দরে নোঙর করেছে। এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ গত ৩১ মার্চ এসে বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ অবস্থান করছে ‘ডিওজে-৬’ জেটিতে। এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি নিয়ে আসা ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে ভিড়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, ‘এই মুহূর্তে বন্দরে চারটি জ্বালানিবাহী জাহাজ অবস্থান করছে।’

তিনি আরও জানান, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতেই এসব জ্বালানি পণ্য দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সবগুলো জাহাজ থেকে নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য খালাস সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দেশের জ্বালানি সংকটে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চস/স

শাহ আমানতে দেড় মাসে ২৬৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্র হওয়ায় আকাশপথে যোগাযোগে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত শনিবার ও রোববার দুই দিনে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই বিমানবন্দরে মোট ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ এপ্রিল (শনিবার) এবং ৫ এপ্রিল (রোববার) সারাদিনে মোট ১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৪টি এরাইভাল এবং ৩টি ডিপার্চারসহ মোট ৭টি ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য রুটের ২টি এরাইভাল ও ২টি ডিপার্চারসহ মোট ৪টি ফ্লাইট।

এতে আরও বলা হয়, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ২টি এরাইভাল ও ২টি ডিপার্চারসহ মোট ৪টি ফ্লাইট। সালাম এয়ারের ওমান রুটের ২টি এরাইভাল ও ২টি ডিপার্চারসহ মোট ৪টি ফ্লাইট। ফ্লাইট বাতিলের হিড়িকের মধ্যেও গত দুইদিনে মধ্যপ্রাচ্য থেকে আগত বিভিন্ন এয়ারলাইনসের ১৩টি এরাইভাল এবং ১০টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে। ফলে ওই অঞ্চলের প্রবাসীদের যাতায়াতে ভোগান্তি আরও দীর্ঘায়িত হচ্ছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এই অনিশ্চয়তা বজায় থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীসাধারণকে বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

চস/স

কোতোয়ালীতে ‘ডেঞ্জার’ গ্রুপের ১১ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাদীন এলাকা থেকে ‘ডেঞ্জার’ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি টিপছোরা, ১টি কিরিচ, ১টি চাপাতি, ৮টি লাঠি, ১৫ পিস ইটের টুকরা, ১টি লোহার ধামা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শামিম (২২), মো. আরমান হোসেন (১৯), মো. বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মো. সাইম হোসেন সোহাগ (১৯), মো. হোসেন (২৩), মো. আল আমিন (১৯), মো. রিয়াদ (১৯), মো. তামজিদ (১৯), মো. অনিক আকরাম (১৯), নিরব গাঙ্গুলী (১৯)।

পুলিশ জানায়, ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের প্রধান মো. শামীমের নেতৃত্বে শুক্রবার বিকেলে খাস্তগীর স্কুলের গেটের সামনে গ্রেপ্তাররা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শক্তির মহড়া, জনমনে আতঙ্ক, ত্রাস ও রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চস/স