সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চীনের সিনোফার্ম টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার ( ৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানান।
ডা. শামসুল হক বলেন, আগামীকাল থেকে দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ বেড হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হবে। এ টিকাদান কর্মসূচি চলবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।
এছাড়াও ইতোমধ্যে রাজধানী ঢাকায় করোনাভাইরাস টিকাদান কর্মসূচি চলেছে ৪৮টি কেন্দ্রে। কিন্তু সেখান থেকে এবারে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানান ডা. শামসুল হক।
তিনি আরও বলেন, সিনোফার্মের টিকা অগ্রাধিকার তালিকায় যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে এ টিকা। এর মধ্যে রয়েছে মেডিকেল, নার্সিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীরা।
আরো পড়ুন: চট্টগ্রামে করোনায় আরও ১০ মৃত্যু, শনাক্ত ৩৯৯
একইসঙ্গে যারা এর আগে রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি তারাও সিনোফার্মের টিকা নিতে পারবেন। এ ছাড়াও যারা প্রবাসী শ্রমিক রয়েছেন তারাও সিনোফার্মের টিকা নিয়ে বিদেশ যেতে পারবেন।
চস/স


