একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সোমবার বিকেল ৫টায় বসবে।
এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৯ মার্চ সংসদ অধিবেশন আহ্বান করেন। এটি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন।
এদিন অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এছাড়া আলোচিত গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২ এবং পেমেন্ট অ্যান্ড সেটলমেন্টস বিল-২০২২ সংসদে উত্থাপিত হবে।
আরো পড়ুন: সংসদের সপ্তদশ অধিবেশন শুরু ২৮ মার্চ
এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। অংশগ্রহণকারী সংসদ সদস্যদের (এমপি) করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন।
নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়। গত ২৭ জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।
এদিকে করোনা শুরুর পর সংসদ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল। আসন্ন অধিবেশন থেকে করোনা পরিস্থিতি বিবেচনায় সংসদে উপস্থিত হয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সুযোগ পেতে পারেন।
চস/স


