spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এবং সমুদ্রসীমার নিরাপত্তা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা বাড়াতে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে তার কার্যালয়ে সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো এ সাক্ষাৎ করেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে নিরাপত্তা রক্ষা, মানবপাচার প্রতিরোধ, অবৈধ অভিবাসন রোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের ভূমিকা তুলে ধরেন। কোস্ট গার্ডের দক্ষতা বৃদ্ধিতে ইতালির সহায়তার কথা স্মরণ করে মন্ত্রী ইতালীয় নৌবাহিনীর চারটি ‘মিনার্ভা ক্লাস’ কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশকে হস্তান্তরের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান। এসব জাহাজ বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে টহল জোরদারে ব্যবহৃত হচ্ছে।

গভীর সমুদ্রে নজরদারি বাড়াতে ভবিষ্যতে সরকারি পর্যায়ে (জি-টু-জি) স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এছাড়া দুই দেশের বাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক মজবুত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে কথা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কমান্ড্যান্টকে জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি ‘ব্রাউন ওয়াটার অপারেশন’ এবং ‘মানবপাচার প্রতিরোধ কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে, যেখানে ইতালির কর্মকর্তাদের আগামী বছর অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি ইতালিতে বাংলাদেশি কর্মকর্তাদের জন্য ‘অনুসন্ধান ও উদ্ধার’ (এসএআর), ‘ভিজিট, বোর্ড সার্চ অ্যান্ড সিজার’ (ভিবিএসএস), ড্রোন চালনা এবং ‘সামুদ্রিক ক্ষেত্র সচেতনতা’ (এমডিএ) সংক্রান্ত বিশেষায়িত প্রশিক্ষণের বিষয়েও সহযোগিতা চাওয়া হয়।

ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং প্রযুক্তি ও কারিগরি সহায়তার আশ্বাস দেন। উভয় পক্ষই নিয়মিত যৌথ মহড়া ও সেমিনার আয়োজনের মাধ্যমে আন্তঃকার্যক্ষমতা বাড়াতে একমত প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss