spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চারদিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি দিল্লির বিমানবন্দরে পৌঁছায়। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানান।

শেখ হাসিনার সম্মানে বিমানবন্দরে বিছানো হয় লাল গালিচা। এ সময় সেখানে ৬-৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য পরিবেশন করবে এবং বাদ্যযন্ত্র বাজানো হয়।

প্রধানমন্ত্রীর চারদিনের এই রাষ্ট্রীয় সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সফরের এজেন্ডার শীর্ষে উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করা, আঞ্চলিক সংযোগের উদ্যোগ সম্প্রসারণ এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে এএনআই।

বার্তাসংস্থাটি বলছে, করোনা মহামারি শুরুর পর এবারই প্রথম ভারত সফর করছেন শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

এর পাশাপাশি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের সময় শেখ হাসিনার আজমীর শরীফ সফরেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার আগে রাজস্থনের খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ, আজমীর (আজমীর শরীফ) এবং সোমবার ভারত সফরের প্রথম দিনে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss