চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে সিএনজি অটোরিকশায় অস্ত্রধারীদের এলোপাথাড়ি গুলিতে তিন পথচারী আহত হওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন রায়হান আলম। রায়হানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনাটি নিজের ‘আত্মরক্ষা’ বলে দাবি করেন তিনি। সোমবার রাতে সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
পোস্টে রায়হান লিখেছেন, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজি অটোরিকশায় করে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগ সমর্থক মনে করে তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন। সে সময় নিজের সুরক্ষার্থেই তিনি গুলি চালাতে বাধ্য হন। আটকানোর চেষ্টা করা ব্যক্তিদের সঙ্গে তাঁর পূর্ব কোনো বিরোধ ছিল না দাবি করে তিনি বলেন, “শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন? যাদের গুলি লেগেছে তাঁদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের সাথে আমার ঝামেলা সেখানেই শেষ।” একই সঙ্গে ভবিষ্যতে কারও গাড়ি থামানোর আগে ভেতরের ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেন তিনি।
আহতদের মধ্যে অসহায় বা আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের সহায়তা করার আশ্বাস দিয়ে নিজের ‘ইনবক্সে’ যোগাযোগ করার অনুরোধও জানান একাধিক মামলার এই আসামি।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, সোমবার রাতে পুলিশি তৎপরতার খবর পেয়ে রায়হান তাঁর দলবল নিয়ে মোটরবাইক ও সিএনজি অটোরিকশাযোগে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। চুরখাঁর বাজারের কাছে পৌঁছালে স্থানীয়রা মোটরবাইকে থাকা রায়হানকে চিনে ফেলে এবং আটকানোর চেষ্টা করে। তখনই আত্মরক্ষার বাহানায় রায়হান ও তাঁর সহযোগীরা পথচারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
চস/স


